২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলা: আরো তিন জনের অব্যাহতির শুনানি শুরু

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সাবেক তিন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন, মুন্সি আতিকুর রহমান ও আবদুর রশীদের পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সাবেক তিন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন, মুন্সি আতিকুর রহমান ও আবদুর রশীদের পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে এ শুনানি শেষে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ১৯ ডিসেম্বর অবশিষ্ট শুনানির জন্য দিন ধার্য করেন। এদিন শেষ হয় শেখ ফরিদ ও ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীর শুনানি। গত ৮ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে বিশেষ এ এজলাসে ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় পুলিশের সাবেক আইজি শহুদুল হক ও হরকাতুল জিহাদ নেতা আবদুল মালেকের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়। এ মামলায় ইতিমধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক আইজিপি খোদা বখশ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, বিএনপি সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদা, আরিফ হাসান সুমন, হরকাতুল জিহাদ নেতা মাওলানা আবু তাহের, মাওলানা শেখ আব্দুস সালাম, মাওলানা সাব্বির, ইয়াহিয়া ও মুন্সী মুহিবুল্লাহ, লস্কর-ই-তৈয়বার নেতা আবদুল মাজেদ ভাটের অব্যাহতির আবেদন শুনানি শেষ হয়েছে। গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকের পৃথক দুই মামলায় গত ৩ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্পূরক অভিযোগপত্র দেয়। গত ৯ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ আসামির বিরুদ্ধে এই মামলায় রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়। মামলার প্রথম এবং সম্পূরক অভিযোগপত্রের মোট ৫২ আসামির মধ্যে বর্তমানে ১৯ আসামি পলাতক রয়েছেন। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হয় বহু নেতা-কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০৪৭ ঘ.