২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুশাসনের জন্য চাই শক্তিশালী স্থানীয় সরকার’

দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “স্থানীয় সরকার হচ্ছে রাষ্ট্রের প্রধান একটি স্তম্ভ। এ স্তম্ভ শক্তিশালী করতে না পারলে সুশাসন নিশ্চিত করা যাবে না।” তবে এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে বলে মন্তব্য করেন আইন সালিস কেন্দ্রের প্রধান সুলতানা কামাল। স্থানীয় সরকার ব্যবস্থা যাতে যথাযথ ভূমিকা পালন করতে সে বিষয়ে সরকারের আরো আন্তরিক হওয়া উচিত বলেও মনে করেন তিনি। ‘গণতান্ত্রিক স্থানীয় সরকার শক্তিশালীকরণ : বাংলাদেশের স্থানীয় সরকারের ভূমিকা ও কর্তৃত্ব সম্পর্কে একটি অনুসন্ধান’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন সমন্বয়’ ও নগর গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর আরবান স্টাডিজ’। অনুষ্ঠানে সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক বলেন, “স্থানীয় সরকারকে আইনে অনেক ক্ষমতা দেওয়া হলেও অনেক নির্বাচিত প্রতিনিধি তাদের ক্ষমতা সম্পর্কে ঠিকমতো জানেন না।” সংসদ সদস্যদের উপজেলা পরিষদের উপদেষ্টা করার বিষয়টি যথাযথ হয়নি বলে মনে করেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারওয়ার জাহান বলেন, আইনে যা-ই থাকুক, স্থানীয় সরকার ততটা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। অনুষ্ঠানে বিআইআইএসএস-এর গবেষক মাহফুজ কবীর ও নগর পরিকল্পনাবিদ সালমা এ শফি দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। মাহফুজ কবীর বলেন, ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী ইউনিয়নের ১৩টি স্থায়ী কমিটি এবং ইউনিয়ন উন্নয়ন সমন্বয়ের মাধ্যমে সেবার মান নিশ্চিত করার কথা বলা রয়েছে। কিন্তু এ কার্যক্রম সীমিত। সালমা এ শফি বলেন, পৌর সভার সব জনবল নিয়োগ, বেতন এমনকি তাদের কাজের মূল্যায়ন করা হয় কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এখানে নির্বাচিত প্রতিনিধিদের প্রভাব সামান্যই রয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সেন্টার ফর আরবান স্টাডিজ এর নির্বাহী পরিচালক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক জারিনা রহমান খান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মো. মাহবুবুর রহমান টুলু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২২৫৫ ঘ.