২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেলেন কিশোরগঞ্জের অগ্নিদগ্ধ মরিয়ম

টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন কিশোরগঞ্জের মরিয়ম বেগম (১৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন কিশোরগঞ্জের মরিয়ম বেগম (১৮)। বিয়ের ১২ দিনের মাথায় গত বুধবার স্বামী আবু বাক্কার তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলো বলে অভিযোগ। সোমবার ভোর ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মরিয়ম মারা যান বলে জানিয়েছে পুলিশ ও পরিবার। মরিয়মের গায়ে আগুন ধরানোর ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢামেক হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে। এরপর বিকালে লাশ পরিবারের কাছে তুলে দেওয়া হবে। মরিয়মের পরিবারের সদস্যরা জানান, মরিয়মের সঙ্গে বছর খানেক আগে প্রতিবেশী আবু বাক্কারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মরিয়ম গর্ভবতী হয়ে পড়েন। পরে ‘বাধ্য’ হয়ে ২৭ নভেম্বর আবু বাক্কার মরিয়মকে বিয়ে করেন। কিন্তু আবু বাক্কার ও তার পরিবার এ বিয়ে মেনে না নিয়ে বিয়ের পর থেকেই মরিয়মের ওপর নির্যাতন চালিয়ে আসছিলো বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। তারা জানান, বিয়ের ১২ দিনের মাথায় বুধবার ভোর ৫টার দিকে মরিয়ম প্রকৃতির ডাকে ঘর থেকে বের হওয়ামাত্র স্বামী আবু বাক্কার তার ছয় সহযোগীকে নিয়ে মরিয়মের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় মরিয়মের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। বিকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই রাতেই মরিয়মের বাবা আবু বাক্কারসহ সাত জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৫৫ ঘ.