২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা নির্বাচন: বৃহস্পতিবার থেকে ‘চিরুনি অভিযান’

নির্বাচনী এলাকায় ৩ থেকে ৭ জানুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে ‘চিরুনি অভিযান’ শুরু করবে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া ৩ থেকে ৭ জানুয়ারি নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কমিশনের বৈঠকের পর রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সভাপতিত্বে দুই কমিশনার, কমিশন সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আনসার ও ভিডিপি, র‌্যাব ও কোস্ট গার্ডের প্রতিনিধিরা এ সভায় অংশ নেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন হবে। শামসুল হুদা তফসিল ঘোষণার সময়ই জানিয়ে দিয়েছিলেন, কুমিল্লায় সেনা মোতায়েন করা হবে না। সোমবার কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আবদুল বাতেন বলেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন করে সদস্য থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্র থাকবে ২৪ জন। কেন্দ্রের বাইরে ৫ জন সদস্য মোতায়েন থাকার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে টহলে থাকবে ৮ জন। কুমিল্লা নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর মেয়র পদে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে নয় জন। ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। পরদিন ১৫ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৫২৫ ঘ.