ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা লাবসা মসজিদের পাশে ভবন নির্মাণ কাজ ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধে ব্যবস্থা নিতে বলেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে ১৩০ বছরের পুরনো এ মসজিদ রক্ষায় এই আদেশ দেয়।
ওই এলাকার বাসিন্দা মাহমুদা বেগম এ রিট আবেদন করেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক, সাতক্ষীরা সদর থানার ওসি ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে আদালত। দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি নিয়ে আদালতে প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে।
একইসঙ্গে ওই জায়গায় ভবন নির্মাণ বন্ধে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আগামী তিন সপ্তাহের মধ্যে সংস্কৃতি সচিব, স্বরাষ্ট্র সচিব, ওয়াক্ফ প্রশাসক, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, সাতক্ষীরার জেলা প্রশাসক, সাতক্ষীরা সদর থানার ওসি, মসজিদ কমিটির সাধারণ সম্পাদককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন শুনানিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/পিডি/০০২৭ ঘ.
bdnews24