বগুড়া, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
পুলিশের দাবি তাদের দুই সদস্য আহত হয়েছে। এদিকে জামায়াত তাদের ছয় নেতাকর্মী আহত হওয়ার দাবি করছে।
সোমবার সন্ধ্যায় সপ্তপদী মার্কেট এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। জামায়াত কর্মীরা দুটি অটোরিকশার কাচ ভেঙ্গে দেয় বলে পুলিশ দাবি করেছে।
বগুড়া সদর থানার পরিদর্শক খালেকুজ্জামান জানান, সন্ধ্যায় সপ্তপদী মার্কেট এলাকা থেকে জামায়াত একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে। এ সময় জামাত কর্মীরা ইট-পাটকেল ছুঁড়লে জহুরুল ইসলাম ও সরাফুল ইসলাম নামে দুই পুলিশ সদস্য আহত হন।
বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবেদুর রহমান জানান, ঢাকা মহানগর জামাতের সেক্রেটারি জেনারেলসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল বের হলে পুলিশ পেছন থেকে লাঠিচার্জ শুরু করে। এসময় নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করে।
পুলিশের লাঠিপেটায় তাদের ছয় নেতাকর্মী আহত হয়েছেন বলেও তিনি জানান। তবে তিনি তাদের নাম জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শী আব্দুল হামিদ জানান, জামায়াত মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে জামায়াতের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে পিছু হটে পুলিশ। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এলে জামায়াত কর্মীরা পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২২৩ ঘ.
bdnews24