সাভার, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় সাড়ে ছয়লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের হেমায়েতপুর শাখার সামনে এ ঘটনা ঘটে।
এ-ওয়ান ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপক কাজী কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে প্রতিষ্ঠানটির বিপণন কর্মকর্তা জাকির হোসেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ছয়লাখ টাকা উত্তোলন করেন।
টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সময় ৫/৬ জন দুর্বৃত্ত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে জাকিরকে মাইক্রোবাসে তুলে নেয়।
গাড়িতে তুলে জাকিরের হাত-পা ও চোখ বেঁধে মারধর করে এবং তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। পরে তাকে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় ফেলে রাখে।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১২ ঘ.
bdnews24