মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ফের শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া শাখাার ব্যবস্থাপক সিরাজুল হক জানান, শুক্রবার রাত পৌনে ১২টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত এই নৌপথের মাঝ পদ্মায় আটকে ছিল ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কাবেরী, কপোতী, টাপলু, করবী, রামশ্রী, কিশোরী ও যমুনা। রানীগঞ্জ ও রানীক্ষেত ফেরি দুটি ঘাটের কাছে আটকে ছিল।
“সকাল ১০টার দিকে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিগুলো পুনরায় চলতে শুরু করেছে।”
ঘন কুয়াশার কারণে একই সময়ে ধলেশ্বরী, মেঘনা ও ইছামতি নদীতেও নৌ চলাচলও বন্ধ থাকার পর সকাল ১০টা থেকে সচল হয়েছে। এ সময়ে বিভিন্নস্থানে অন্তত ২১টি লঞ্চসহ শতাধিক নৌযান আটকে ছিল।
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে দীর্ঘ গাড়ির লাইন পড়েছে। তবে ১০টি ফেরি চালু হওয়ায় যানজট অল্প সময়ের মধ্যেই কমে যাবে বলে জানান সিরাজুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০১৯ ঘ.
bdnews24