২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ ঢেকে যাবে পৃথিবীর ছায়ায়

আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের সব জায়গা থেকে দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার সন্ধ্যায় কিছুক্ষণের জন্য পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে চাঁদ। আকাশ পরিষ্কার থাকলে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশের সব জায়গা থেকে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র- নাসার তথ্য অনুযায়ী, এটা হবে এ বছরের দ্বিতীয় এবং শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ। পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাঝখানে একই সমতলে একই সরল রেখায় উপস্থিত হলে সূর্যের আলো কিছু সময়ের জন্য চাঁপের পিঠে পৌঁছাতে পারে না। ফলে ওই সময়টায় পৃথিবী থেকে চাঁদকে মনে হবে তামাটে কোনো পুরনো মুদ্রার মতো। জ্যেতির্বিজ্ঞানের ভাষায় এটাই হলো চন্দ্রগ্রহণ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন সংগঠন এই গ্রহণ দেখার জন্য ক্যাম্পের আয়োজন করছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন জানায়, বাংলাদেশের আকাশে শনিবার সন্ধ্যা ৫টা ৩৩ মিনিট ২৩ সেকেন্ডে শুরু হয়ে রাত ১০টা ৩০ মিনিট ১১ সেকেন্ড পর্যন্তদেখা যাবে এই নৈসর্গিক ঘটনা। তবে পুরো সময়টায় চাঁদ পৃথিবীর ছায়ায় ঢাকা থাকবে না। ৫টা ৩৩ এ শুরু হবে গ্রহণের উপচ্ছায়া পর্যায়। ছায়া গ্রহণ শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। চাঁদের আলো কমে আসতে আসতে রাত ৮টা ৬ মিনিটে শুরু হবে র্পূর্ণ গ্রহণ। ৮টা ৫০ তা চূড়ান্ত দশায় পৌঁছাবে এবং ৮টা ৫৭ মিনিটে চাঁদ আবার ছায়া থেকে বেরিয়ে আসতে শুরু করবে। রাত সাড়ে ১০টায় উপচ্ছায়া পর্যায় পার করে আবার স্বরূপে ফিরবে পৃথিবীর একমাত্র উপগ্রহটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের গবেষণা কর্মকর্তা মুহম্মদ শাহাদাৎ হোসেন জানান, বাংলাদেশ সময় রাত ৮টা ৩১ মিনিট ৪৮ সেকেণ্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা বেনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ ছাড়াও মধ্য এশিয়া এবং নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে পূর্ণ গ্রহণ দেখা যাবে। তিনি জানান, পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে অনুসন্ধিৎসু চক্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র সংলগ্ন মাঠে শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে ক্যাম্প করবে, যা সবার জন্য উন্মক্ত থাকবে। এছাড়া মিরপুরের হারুন মোল¬া ঈদগাহ মাঠ এবং বরিশাল, ঠাকুরগাঁও ও সিলেটেও ক্যাম্প করবে এই সংগঠন। এসব ক্যাম্প থেকে ছবি ও বৈজ্ঞনিক তথ্য সংগ্রহ করা যাবে। এছাড়া বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন একই সময়ে ধানমন্ডি ক্লাব মাঠে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প করবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই ক্যাম্পে গিয়ে গ্রহণ দেখতে পারবেন যে কেউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৮৩৮ ঘ.