বাগেরহাট, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে র্যাব ও উপকূল রক্ষী বাহিনীর যৌথ অভিযানে ১৩টি অস্ত্র ও ২৬টি গুলি উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার খুলনার বটিয়াঘাট এলাকা থেকে গ্রেপ্তার তিন ব্যক্তির দেওয়া তথ্যে শুক্রবার দুপুরে বনে অভিযান চালানো হয় বলে র্যাব ও কোস্টগার্ড জানিয়েছে।
এ সব অস্ত্র ও গুলি সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জংড়া ফরেস্ট ক্যাম্পের দক্ষিণ দিকে মাটিতে পুঁতে রাখা ছিলো।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে দেশে তৈরি পাঁচটি ওয়ান শুটার, একটি রিভলবার, সাতটি এলজি এবং রাইফেল, পিস্তল।
বটিয়াঘাটার কাটিয়া নাংলা গ্রামের সাইদুল ইসলাম (৩০), গাওঘরা গ্রামের রফিকুল ইসলাম (৪০) এবং আমতলা গ্রামের মিলন মন্ডল (৩৫) কে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।
উপকূল রক্ষী বাহিনী-কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার এম. সাঈদুর রহমান এবং র্যাব-৬ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নুর-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার তিন জনই অস্ত্র ব্যবসায়ী। তারা সুন্দরবনের বনদস্যু মুকুল বাহিনীর প্রধান মুকুলের কাছে অস্ত্র ও গুলি বিক্রি করে আসছিলো।
উদ্ধার হওয়া আগ্নেয়স্ত্রসহ তিন জনকেই খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24