২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে সম্মান না দেওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি

পুলিশের সালাম ছাড়াই নোয়াখালীর মুক্তিযোদ্ধা হতদরিদ্র দুলাল মিয়ার লাশ দাফনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 08:40 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

নোয়াখালী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সালাম ছাড়াই নোয়াখালীর মুক্তিযোদ্ধা হতদরিদ্র দুলাল মিয়ার লাশ দাফনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। বুধবার সকাল ১০টায় জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানান ফোরামের জেলা কমিটির নেতারা। কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি দুলাল মিয়ার পরিবারের সদস্যরাও অংশ নেন। নোয়াখালী সদর উপজেলার সোনাপুর পৌর কবরস্থানে সোমবার দুপুরে দুলালের (৬০) দাফন হয়। ওইদিন সকালে তিনি মারা যান। দাফনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিনে দেশের পতাকা দিলেও পুলিশ না আসায় সশস্ত্র সালাম ছাড়াই মুক্তিযোদ্ধা দুলালের দাফন হয়। এ বিষয়ে খবর প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। মঙ্গলবার এ ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল টুকু ক্ষোভ প্রকাশ করার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রেসক্লাবে সমাবেশে দুলাল মিয়ার ভাই হায়দার আলী বলেন, “অসুস্থ হওয়ার পর ভাই (দুলাল মিয়া) নোয়াখালী জেনারেল হাসপাতালে বিনা চিকিৎসায় তিনদিন মেঝেতে পড়ে ছিলেন। তিন দিনে তাকে রোগী হিসেবে এক বেলা খাবারও দেওয়া হয়নি।” “মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার পরও তাকে অবহেলার শিকার হতে হয়েছে। আর মৃত্যুর পর দেওয়া হয়নি প্রাপ্য মর্যাদাটুকুও,” আক্ষেপ প্রকাশ করেন তিনি। সেক্টর কমান্ডারস ফোরামের জেলা শাখার সভাপতি এমরান মোহাম্মদ আলী বলেন, মুক্তিযোদ্ধার দুলাল মিয়ার দাফন অনুষ্ঠানে সালাম না দিয়ে পুলিশ দেশের সংবিধান লঙ্ঘন করেছে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে হবে। না হলে আগামীতেও এই ধরনের ঘটনা ঘটবে। দুলাল মিয়া বাংলাদেশের স্বাধীনতার আগে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬০২ ঘ.