ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার ২১ বছর পূর্তির আগ মুহূর্তে এইচ এম এরশাদ বলেছেন, তিনি সংবিধান রক্ষা করেছিলেন।
সাবেক সামরিক শাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সোমবার এক বিবৃতিতে বলেন, “যে মূল্য দিয়ে আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছি-তা কখনোই বিনষ্ট হতে দেব না।”
বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের সামরিক শাসক এরশাদ বলেন, “১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বেচ্ছায় পদত্যাগ করে গণতন্ত্র আর সংবিধানকে রক্ষা করেছিলাম। কোনো ষড়যন্ত্রের কাছে জাতীয় পার্টির সেই আত্মত্যাগের মহিমা ভুলুণ্ঠিত হতে দেবো না।”
১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণআন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ‘স্বৈরশাসক’ হিসেবে পরিচিতি পাওয়া এরশাদ।
তখন থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো দিনটিকে স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করে আসছে। তবে জাতীয় পার্টি দিনটিকে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে।
বিবৃতিতে এরশাদ বলেন, “৬ ডিসেম্বর সাংবিধানিক পন্থায় আমি পদত্যাগ করেছিলাম। সেদিন আমার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপত্র গ্রহণ করে-জোটের মনোনীত প্রার্থী বিচারপতি শাহাবুদ্দিন আহম্মদকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করে তার কাছেই পদত্যাগপত্র পেশ করেছি। এভাবেই সেদিন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা পেয়েছিলো।”
“কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের আত্মত্যাগের ফলে গণতন্ত্র আর সংবিধান রক্ষা পেলেও জনগণ তাদের কাঙ্খিত সুখ-শান্তি-সমৃদ্ধি ও নিরাপত্তা ফিরে পায়নি।”
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাষ্ট্রপতি হন বিচারপতি আব্দুস সাত্তার। এরপর নানা ঘটনা প্রবাহে পরের বছরের ২৪ মার্চ সাত্তারকে সরিয়ে রাষ্ট্রপতি হন ওই সময়ের সেনাপ্রধান এরশাদ। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/পিডি/০১৪৮ ঘ.
bdnews24