২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে এবার ডাকাত সন্দেহে চার পুলিশকে গণপিটুনি

সাভারে এবার ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন চার পুলিশ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

সাভার, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে এবার ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন চার পুলিশ সদস্য। সোমবার প্রথম প্রহরে বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। কয়েক মাস আগে সাভারের আমিন বাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছিলো ঢাকার ছয় ছাত্র। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসঅই) রিপন বালা, কনস্টেবল বাবুল বড়–য়া, বিল্লাল হোসেন ও আবুল কাশেম গণপিটুনির শিকার হয়েছেন। থানা থেকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। জিনিজিরা গ্রামের বাসিন্দা, সাবেক শিক্ষা কর্মকর্তা শওকত আলী মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে ১০/১৫ জনের একদল লোক তার বাড়ির দরজা ধাক্কাতে থাকে। পরিবারের সদস্যরা ডাকাত এসেছে ভেবে চিৎকার শুরু করে। তখন মসজিদের মাইকে ঘোষণা এলাকায় ডাকাত পড়ার ঘোষণা দেওয়া হয়। পরে কয়েকশ’এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে চার জনকে ধরে পিটুনি দেয় বলে জানান শওকত আলী। তিনি বলেন, “আগে থেকে পুলিশ পরিচয় দিলে এ ঘটনা ঘটতো না।” শওকত জানান, রাতে তার বাড়িতে পেনশনের টাকা ও জমি বিক্রির ৬০ লাখ টাকা ছিলো। হাসপাতালে চিকিৎসাধীন উপ-পরিদর্শক (এসআই) রিপন বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি ধরার জন্য তিনিসহ চার পুলিশ সদস্য এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কায়সার মাতুব্বরের নেতৃত্বে আরো কয়েকজন সাদা পোশাকে ওই গ্রামে যান। এলাকাবাসী ডাকাত সন্দেহে হামলা করলে কায়সার তার দল নিয়ে পালিয়ে আসে। পুলিশ পরিচয় নিশ্চিত হওয়ার পর লোকজন মারপিট বন্ধ করে বলে জানান এসআই রিপন বালা। তবে এএসআই কায়সার মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনা সম্পর্কে কিছুই জানি না। রাতে ওই গ্রামে আমি বা আমার টিম যায়নি।” সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটেছে। “আমি সময়মতো ঘটনাস্থলে না গেলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো,” বলেন তিনি। কায়সারের নেতৃত্বে কোনো টিমের সেখানে যাওয়ার বিষয়টিও অজানা বলে ওসি জানান। শওকত আলীর ভাই মো. সোহরাওয়ার্দী দাবি করেছেন, ঘটনার সময় তিনি ৪/৫ রাউন্ড গুলির শব্দও শুনেছেন। তবে কোনো ধরনের গুলি হয়নি বলে বলে জানান ওসি। ওসি জানান, পুলিশের কাজে বাধা ও মারপিটের অভিযোগে এলাকাবাসীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৫০ ঘ.