সাভার, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির ঢাকা ক্যান্টনমেন্ট থানা সাধারণ সম্পাদক মাহমুদুল হক খান দীপু (৪৩) অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১০টার দিকে ঢাকার ধামরাই উপজেলায় বালিথা এলাকায় সড়কের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বিকালে তার বড়ভাই মীর শাহরুল হক খান টিপু লাশ শনাক্ত করেন।
বড়ভাইয়ের বরাত দিয়ে ধামরাই থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে দীপু বাসা থেকে বের হন। রাত ৯টায় স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা হয়। তখন তিনি ঢাকার ফার্মগেটে ছিলেন বলে জানান। এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি।
অন্য কোথাও হত্যা করে লাশ ধামরাই ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, দীপুর কানের উপরে মাথায় গুলি করা হয়েছে।
দীপুর বাড়ি ঢাকা ক্যান্টনমেন্টের দক্ষিণ মানিকদীর ৫২১ খান পল্লীতে। তার বাবা প্রয়াত এ কে এম মিনারুল হক খান।
পরিবারের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হবে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24