সিলেট, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুরে সারি নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার ব্রিগেডের ডুবুরিরা।
জৈন্তাপুর থানার ওসি আবদুল জলিল জানান, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবির কর্মী তাহরাত কবির (২৭) ও আব্দুল্লাহ ফয়সল (২৯) শুক্রবার দুপুরে লালাখাল পর্যটন কেন্দ্রের পাশে সারি নদীতে নেমে স্রোতে ভেসে যান।
শনিবার সকাল ১০টার দিকে ফায়ার ব্রিগেডের কর্মীরা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
তাহরাতের বাসা ঢাকার মালিবাগে। তার বাবার নাম ইমরান কবির। আর ফয়সল চট্টগ্রামের মাদারবাড়ি মালু মসজিদ এলাকার আব্দুল মালেকের ছেলে।
ওসি জলিল জানান, কিউবির ওই দুই কর্মীসহ ছয় বন্ধু মিলে জৈন্তাপুরে বেড়াতে এসেছিলেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে তারা লালাখালের সাহেবমারা এলাকায় সারি নদীতে সাঁতার কাটতে নামেন। এ সময় হঠাৎ পাহাড়ি ঢলে ছয় জনই ভেসে যান। পরে চারজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন তাহরাত ও ফয়সল।
স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্য এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা বিকেল থেকে উদ্ধার তৎপরতা চালালেও তাদের লাশ পাওয়া যায় শনিবার সকালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০২৫ ঘ.
bdnews24