ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৪০ বছর ও নাট্যাভিনয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ পথনাটক পরিষদের উৎসব।
সাড়ে চার মাসব্যাপী এ পথনাট্য উৎসবে সারা দেশের শতাধিক নাটকের দল অংশ নেবে। এবারের আয়োজনের শ্লোগান ‘সব পথ আজি- মিলেছে এসে মুক্তির মোহনায়’।
পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের পথনাটক অঙ্গনে বিকেল ৪টায় কথা সাহিত্যিক সেলিনা হোসেন এ উৎসবের উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
মিজানুর রহমান বলেন, “নাট্যচর্চা তথা পথনাটক যেমন একটি শিল্প মাধ্যমের চর্চা, তেমনি এ দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের প্ল্যাটফর্ম।”
নানা চড়াই উৎরাই পেরিয়েও পথনাটকের চর্চা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, পথনাটকের শিল্পমান বাড়ানোর লক্ষ্যে এ বছর দেশব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
এ শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে এ বছর অনুদানের আশ্বাস দেওয়া হলেও তা এখনো ছাড় হয়নি বলে জানান তিনি।
মিজানুর রহমান জানান, এই উৎসবে প্রতি শুক্রবার সোহরোওয়ার্দী উদ্যানে সোনার বাংলা সাংস্কৃতিক বলয়-মুক্তমঞ্চে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ছয় থেকে আটটি নাট্য সংগঠন নাটক পরিবেশন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/০৯৪৫ ঘ.
bdnews24