ঝিনাইদহ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে স্পিরিট পানে দুই জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরো দুই জন।
বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার সাধুহাটি গ্রামের বাদল শেখ (৫৫) ও আজগর আলী (৪০) নামের দুই ব্যক্তি মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর শাখাওয়াৎ হোসেন জানান, রাতে চার ব্যক্তি ডাকবাংলা বাজারের একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে স্পিরিট কিনে পান করেন। অসুস্থ হয়ে পড়লে তাদের ঝিনাইদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজগর ঝিনাইদহ সদর হাসপাতালে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাদল মারা যান জানিয়ে শাখাওয়াৎ বলেন, বাকিরা চিকিৎসা নিচ্ছে।
মৃতদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে তারা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৯৩৫ ঘ.
bdnews24