২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ দেউলিয়া হওয়ার পথে: খালেদা

সরকার দেশকে দেউলিয়াত্বের পথে নিয়ে যাচ্ছে দাবি করে তাদের হটাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 05:42 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশকে দেউলিয়াত্বের পথে নিয়ে যাচ্ছে দাবি করে তাদের হটাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণ আজ চরম অনিশ্চয়তায় ভুগছে। মানুষ এই অনিশ্চয়তা থেকে মুক্তি চায়। ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে হরতাল ডাকার পরদিন বিএনপি চেয়ারপারসন সাংবাদিকদের মুখোমুখি হলেও এ বিষয়ে কিছু বলেননি তিনি। এক ঘণ্টার বক্তব্যের পুরোটাতেই খালেদা নিজের বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে অর্থনীতির বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। পুঁজিবাজারে অস্থিরতাও আসে তার বক্তব্যে। আসে পদ্মা সেতুর কথাও। অর্থনীতির বাইরে শুধু টিপাইমুখ প্রকল্প নিয়ে মনমোহন সিংকে পাঠানো চিঠির বক্তব্য তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তবে এ ফিরতি চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী কী লিখেছেন, তা জানাননি তিনি। জানতে চাইলে তিনি বলেছে, তা পরে জানানো হবে। অর্থনীতি ভালো- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দাবি করে এলেও বিরোধী নেতা বলেন, অর্থনীতির সব সূচকই নিুমুখী। শিল্পায়ন বন্ধ, বৈদেশিক সহায়তা কমেছে, রেমিটেন্স কমেছে, শ্রমবাজার সঙ্কুচিত হয়েছে দাবি করে খালেদা বলেন, “১৯৭৪ সালের পর এমন অবস্থা কখনোই হয়নি। সব কিছু মিলিয়ে সরকার দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে। বিরাজমান সর্বগ্রাসী সঙ্কটের দায় সরকারকে বহন করতে হবে। “যারা এই সঙ্কট সৃষ্টি করেছে, আসুন তাদের আমরা জনমতের অপরাজেয় শক্তি দিয়ে পরাস্ত করি। আসুন, আমরা শপথ গ্রহণ করি, জাতীয় অর্থনীতিকে যারা রক্তশূন্য করে ফেলেছে, তাদের করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করবোই,” বলেন তিনি। দেশের ‘স্থবির’ অর্থনীতি নিয়ে দাতা সংস্থাগুলোর উদ্বেগের কথা তুলে ধরে খালেদা বলেন, তারা মনে করেন, চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার ৭ শতাংশের নিচে থাকবে। সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, “তারা রেখে যেতে চায় শূন্য কোষাগার, বিশাল ঋণের দায়, ভেঙে পড়া শিল্প, বাণিজ্য ও ধসে পড়া পুঁজিবাজার।” “এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে, যাতে এ দেশের মানুষ আর ঘুরে না দাঁড়াতে পারে। তারা (সরকার) দেশকে ভিন দেশের প্রভুদের কাছে কঠিন শৃঙ্খলে আবদ্ধ রেখে যেতে চায়,” বলেন বিএনপি চেয়ারপারসন। সরকারের ঋণ নেওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, “গত নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকার ব্যাংকগুলো থেকে প্রায় ১৯ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৪ মাসেই বছরের লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ ঋণই নিয়ে নিয়েছে। এর ফলে বেসরকারি খাতে সৃষ্টি হয়েছে ঋণ দুর্ভিক্ষ, ব্যাংকগুলোতে দেখা দিয়েছে তারল্য সঙ্কট।” সরকারের প্রতি আস্থাহীনতার কারণে বৈদেশিক সহায়তাও আসছে না বলে দাবি করেন খালেদা। রেমিটেন্স কমে যাওয়া, শ্রমবাজার সঙ্কুচিত হওয়া, শিল্পায়নে অধোগতির জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে বলে মনে করেন তিনি। পুঁজিবাজার প্রসঙ্গ পুঁজিবাজারের অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, “কারসাজি, ম্যানিপুলেশন ও অনৈতিক ট্রেডিংয়ের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঞ্চয় লুট করা হয়েছে।” এজন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করে তিনি বলেন, “সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, যাদের নিয়ন্ত্রণ করার কথা সেই লুটেরা ব্যক্তিরা কমিশনের নিয়ন্ত্রক হয়ে বসায় পুঁজিবাজার পরিস্থিতির অবনতি ঘটে। ওই লুটেরাদের বিরুদ্ধে যতক্ষণ পদক্ষেপ না নেওয়া হবে ততক্ষণ বাজার স্বাভাবিক হবে না।” পুঁজিবাজার স্বাভাবিক করতে সেখানে বিনিয়োগের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাধ্যবাধকতা আরোপের সমালোচনা করে তিনি বলেন, “এটি ভেবে দেখা দরকার যে, ব্যাংক চলে আমানতকারীর অর্থ দিয়ে। তারা ঝঁকিপূর্ণখাতে বিনিয়োগ করার জন্য ব্যাংকে টাকা রাখেনি। শেয়ারবাজারে ব্যাংকের লাভ হলে আমানতকারীরা তো কোনো সুবিধা পাবে না। লোকসান হলে তার বোঝা বহন করতে হবে আমানতকারীদেরই।” পুঁজিবাজার স্থিতিশীলে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে ‘জোড়াতালি’ অভিহিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, “এরপরও বাজার স্থিতিশীল হচ্ছে না। শেয়ারবাজারে বিনিয়োগ করে নিঃস্ব হয়ে যাওয়া হাবিবুর রহমান গত পরশু আত্মহত্যা করেছেন বলে আজ সংবাদ প্রকাশ হয়েছে। এ আত্মহত্যা আমাদের ব্যঙ্গ করছে। এসবের দায় নিয়ে এ সরকারের এখনি পদত্যাগ করা উচিত।” পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খালেদা। তিনি বলেন, “জাতীয় অর্থনীতির সর্বনাশ হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখা যায়নি। আমরা ক্ষমতায় এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।” বিদ্যুৎ প্রসঙ্গ নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকারি ক্রয় ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, হরিপুর বিদ্যুৎ প্রকল্প, বিবিয়ানা ১ ও ২, মেঘনা ঘাট ২ বিদ্যুৎ প্রকল্প, সিদ্দিরগঞ্জ ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প ও বাগেরহাটে ১৩২০ মেগাওয়াটে কয়লা বিদ্যুৎ প্রকল্প স্থাপনে সরকারি ক্রয়ে দুর্নীতি হয়েছে। ভাড়াভিক্তিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে তিনি বলেন, “বিনা টেন্ডারে বেসরকারি খাতে নতুন স্থাপিত রেন্টাল ও কুইক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ১৭টিরই নানা সমস্যা দেখা দিয়েছে। ফলে এই ১৭টি কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৮৫৮ মেগাওয়াট হলেও বাস্তবে উৎপাদন হচ্ছে ৪৮৭ মেগাওয়াট। জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ পাওয়ার কথা ছিলো, তা না পাওয়ায় চাহিদা ও সরবরাহের ঘাটতি যেমন মিটছে না, তেমনি অর্থনীতির ওপর তার মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে।” সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শী নীতির কারণে জ্বালানি তেল আমদানিতে প্রতিবছর ব্যয় ও লোকসান বাড়ছে বলে অভিযোগ করেন তিনি। খালেদা জিয়া বলেন, “বেসরকারি খাতে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সরকারে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলার কৌশল প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আমদানিকৃত তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে উচ্চ মূল্যে ক্রয় করা বিদ্যুৎ পাইকারি বাজার মূল্যে বিক্রয় করতে গিয়ে সরকারকে বিপুল অংকের ভর্তুকি দিতে হচ্ছে।” সরকার ক্ষমতা গ্রহণের পর প্রায় দুই বছর বিদ্যুৎ উৎপাদনে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি দাবি করে খালেদা জিয়া বলেন, “বিদ্যুতের সঙ্কট দেখিয়ে তারা নিজেদের লোকজনকে বিনা টেন্ডারে কুইক রেন্টাল প্ল্যান্ট পাইয়ে দিয়েছে।” পদ্মা সেতু প্রসঙ্গ পদ্মা সেতুতে বিশ্বায়নের অর্থায়নস স্থগিতে সরকারের ‘দুর্নীতি’ দায়ী বলে দাবি করেন বিরোধী নেতা। তিনি বলেন, “পদ্মা সেতুর অগ্রগতিতে জনৈক মন্ত্রীর অপসারণের শর্ত দিয়েছে দাতারা। দুর্নীতির কারণে এ সেতুর কাজ আটকে গেছে। সরকার এ বিষয়ে বিভিন্ন সময়ে পরস্পরবিরেধী বক্তব্য দিয়ে মূল সমস্যা আড়াল করার চেষ্টা করছে।” “হাস্যাস্পদ বিষয় হলো, প্রস্তাবিত পদ্মাসেতুর ভাগ্য অনিশ্চিত থাকা অবস্থায় সরকার দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে,” যোগ করেন খালেদা। টিপাইমুখ প্রসঙ্গ বরাক নদীর টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভারতের এগিয়ে যাওয়ার জন্য সরকারের ‘নতজানু’ পররাষ্ট্র নীতি দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বলেন, “সরকারের অযোগ্যতা ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত আজ বাংলাদেশকে না জানিয়েই টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রকল্প বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।” এই বাঁধ নির্মাণ বন্ধের জন্য ভারতের প্রধানমন্ত্রী মানমোহন সিংয়ের কাছে গত ২২ নভেম্বর ভারতের হাইকমিশনের মাধ্যমে তিনি চিঠি পাঠিয়েছেন উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “বাংলদেশের জীবন মরণের প্রশ্ন বিবেচনা করে উদ্বিগ্ন হয়ে আমি ভারতের প্রধানমন্ত্রীকে স¤প্রতি এ বিষয়ে একটি চিঠি দিয়েছি। তাতে উভয় দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে বাঁধের সার্বিক প্রতিক্রিয়া সমীক্ষণের আহ্বান জানিয়েছি।” টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশের মেঘনা অববাহিকায় মারাত্মক ক্ষতি হবে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, “সুরমা, কুশিয়ারা ও মেঘনা নদীর পানি প্রবাহ মারাত্মকভাবে হ্রাস পেয়ে কৃষি, মৎস্যসহ সামগ্রিক জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। সিলেট ও কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলের পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।” ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং হাইকমিশনের মাধ্যমে গত ২৬ নভেম্বব খালেদা জিয়ার চিঠির জবাব দিয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হলেও এদিনও ওই চিঠির বিষয়ে কিছু বলেননি তিনি। তবে শিগগিরই টিপাইমুখ বাঁধ নিয়ে আলাদা একটি সংবাদ সম্মেলনে ভারতের জবাব সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এমআই/২২৫০ ঘ.