২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

বান্দরবানের থানচিতে ১১টি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 05:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের থানচিতে ১১টি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার গভীর রাতে থানচি ক্যাম্প থেকে ৭ কিলোমিটার দক্ষিণে একটি স্থান থেকে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- নিপিও মুরং (৪০), ইয়াংমি মুরং (২৯), উইলক মুরং (২৯), আসি মুরং (২৮) ও র‌্যাংরই মুরং (২২)। মোহসিন রেজা বলেন, ম্রো ন্যাশনাল পার্টি নামে পরিচিত একটি সংগঠনের ১৪-১৫ জনের একটি দল থানচি এলাকায় স্থানীয়দের ভয় দেখিয়ে চাঁদা দাবি করছে- এমন অভিযোগে ১০ বলীপাড়া বিজিবি ব্যাটালিয়নের একটি দল সেখানে অভিযান চালায়। ওই অভিযানেই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। বলীপাড়া ১০ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক নুরুল মোমেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ম্রো ন্যাশনাল পার্টি একটি সন্ত্রাসী সংগঠন। প্রায় এক বছর আগে এই সংগঠনের নামে অপরাধ কর্মকাণ্ডের খবর তাদের কাছে আসে। এরপরই সংগঠনের ব্যাপারে অনুসন্ধান চালায় বিজিবি। নুরুল মোমেন জানান, গ্রেপ্তারকৃতরা মিয়ানমারসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে অস্ত্র সংগ্রহ এবং তা প্রশিক্ষণের জন্য প্রশিক্ষকও নিয়ে আসছে। স্থানীয় এলাকায় মুরং স¤প্রদায়ের লোকজনের কাছে চিঠি দিয়ে তারা মাসিক ভিত্তিক নিয়মিত চাঁদা আদায় করে থাকে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, গহীণ জঙ্গলে তাদের একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। মেনরুম মুরং নামের এক ব্যাক্তি তাদের দলের প্রধান নেতা বলে দাবি করেছে গ্রেপ্তারকৃতরা। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা তিনটি মোবাইল ফোনে অস্ত্রসহ প্রশিক্ষণের ভিডিওচিত্রসহ অস্ত্র হাতে বিশেষ পোশাক পরা স্থিরচিত্র এবং আনসার সদস্যদের জন্য ব্যবহৃত বেশ কয়েকসেট পোশাকও পাওয়া গেছে বলে নুরুল মোমেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/আরএ/১৭৪৯ ঘ.