২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তি বাস্তবায়ন না হলে আন্দোলন: সন্তু লারমা

চুক্তির চতুর্দশ বর্ষপূর্তিতে সরকারের ‘আন্তরিকতা’ নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনের এ হুমকি দিয়েছেন চুক্তিকারী সংগঠন পিসিজেএসএসের প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকার পদক্ষেপ না নিলে মার্চ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন সন্তু লারমা। চুক্তির চর্তুদশ বর্ষপূর্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে চুক্তিকারী সংগঠন পিসিজেএসএসের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বুধবার অভিযোগ করেন, “চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক নয়।” তিনি বলেন, “ভবিষ্যতে পার্বত্য চট্ট্রগ্রামে অস্থিরতা দেখা দিতে পারে।” চুক্তি কার্যকর করতে সংবাদ সম্মেলনে ১৯ দফা দাবি তুলে ধরেন সন্তু লারমা। দাবি পূরণে জানুয়ারি থেকেই জনসংযোগ ও আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। পিসিজেএসএসের ১৯ দফার উল্লেখযোগ্যগুলো হলো- পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সময়সীমা উল্লেখপূর্বক কর্মপরিকল্পনা প্রণয়ন, পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহার, স্থানীয়দের বাইরের ব্যক্তিদের দেওয়া ভূমির ইজারা বাতিল করা, পার্বত্য এলাকার শরণার্থীদের পুনর্বাসন এবং পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে নির্বাচন দেওয়া। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) মধ্যে শান্তিচুক্তির মধ্যে দিয়ে ওই এলাকায় পাহাড়ি ও সেনাবাহিনীর মধ্যে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটে। ‘ ইউপিডিএফ সরকারের সৃষ্টি’ পার্বত্য শান্তিচুক্তিতে অংশ না নেওয়া পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ‘সরকারের সৃষ্টি’ বলে সংবাদ সম্মেলনে দাবি করেন জনসংহতি সমিতির সভাপতি। সন্তু লারমা বলেন, “ইউপিডিএফ’র লক্ষ্য দুটি- একটি হলো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ধ্বংস করা, আরেকটি হলো শান্তিচুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করা।” “সরকার তাদের অস্ত্র ও সমর্থন দিচ্ছে।”- যোগ করেন তিনি। ১৯৯৭ সালে পিসিজেএসএস সদস্যরা যখন শান্তিচুক্তির আওতায় পার্বত্য চট্টগ্রাম স্টেডিয়ামে অস্ত্র জমা দিচ্ছিল তখন ইউপিডিএফ বাইরে চুক্তিবিরোধী বিক্ষোভ করছিলো বলে উল্লেখ করেন সন্তু লারমা। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হবে না মন্তব্য করে তিনি বলেন, “যদি কেউ মনে করে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ সুদানের মতো আলাদা হবে তাহলে তারা ভুল চিন্তা করছে।” “শান্তিচুক্তি করার ১৪ বছর পর যদি কেউ এমন অদ্ভুত তত্ত্ব নিয়ে আসে তাহলে আমি কী বলতে পারি।” গত জানুয়ারির এক গণভোটের রায় অনুযায়ী গত ৯ জুলাই সুদান থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান। বাংলাদেশে কোনো আদিবাসী নেই- পররাষ্ট্রমন্ত্রীর সা¤প্রতিক এ বক্তব্য তুলে ধরে পাহাড়ি সংগঠনটির সভাপতি বলেন, “অল্প কয়েক দিন আগেও তিনি আমাদের প্রতি সংহতি জানিয়েছেন। কিন্তু এখন তিনি কী কারণে ভিন্ন কথা বলছেন তা আমার বোধগম্য নয়।” গত ২৬ জুলাই বিভিন্ন দেশের কূটনীতিবিদ ও গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করছে তারা এ দেশের ‘অধিবাসী’, কোনোভাবেই ‘আদিবাসী’ নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৯৩০ ঘ.