২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে: তথ্যমন্ত্রী

বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বুধবার রাজধানীর মহাখালীতে ‘বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ: উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আবুল কালাম আজাদ বলেন, “বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমে সবচেয়ে স্বাধীনভাবে কাজ করছে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম অনেক সক্রিয়, সোচ্চার ও স্বাধীন।” প্রতিবেদন তৈরির সময়ে সাংবাদিকদের ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া এবং যথেষ্ট প্রমাণাদি সংগ্রহে গুরুত্ব দিতে হবে, যোগ করেন তথ্যমন্ত্রী। অনুসন্ধানী সাংবাদিকতা বড় ধরনের চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, “কোনো বিশেষ শ্রেণীর পক্ষে সংবাদ পরিবেশন করা অনৈতিক। এক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) সজাগ থাকবেন এটাই কাম্য।” সংবাদপত্রের মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “সাংবাদিকদের শুধু আর্থিক ও চাকরির নিশ্চয়তা নয়, তাদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা নিতে হবে।” সরকার সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল গঠন করছে বলে জানান তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, “সৎ সাংবাদিকতার জন্য তথ্যের উৎস অনুসন্ধানে স্বচ্ছ ও দৃঢ় থাকতে হবে।” শহরাঞ্চলের সাংবাদিকরা অনেকটা স্বাধীনভাবে কাজ করলেও মফস্বলের সাংবাদিকরা ঝুঁকির মধ্যে কাজ করছে বলে মনে করেন তিনি। সাংবাদিক হত্যা মামলার সুরাহা হচ্ছে না এ অভিযোগ করে-সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, “অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ব্যক্তি (প্রতিবেদক) উদ্যোগই বেশি দেখা যায়, প্রাতিষ্ঠানিকভাবেই এ ধরনের সাংবাদিকতা হওয়া উচিত।” সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেইন। তিনি বলেন, “অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকদের সৎ, নিরপেক্ষ এবং সাহসী হতে হবে। সঠিক তথ্য পরিবেশনের পাশাপাশি ঘটনার যথাযথ ব্যাখা দিতে হবে।” টিআইবি আয়োজিত ওই সভায় আরো বক্তব্য দেন- টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান। দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার টিআইবি ২০১১ সালের দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ঘোষণা করেছে। গত বছরের বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদনের ওপর এ পুরস্কার দেওয়া হয়েছে। সভায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ পুরস্কারের ঘোষণা দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন- জাতীয় বিভাগে সাপ্তাহিক শীর্ষ কাগজের মোহাম্মদ নাইমুদ্দিন, আঞ্চলিক বিভাগে যৌথভাবে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের প্রতিবেদক এইচ এম আলাউদ্দিন ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর কন্ঠের এ এইচ এম আহসান উল্লাহ, ইলেক্ট্রনিক মিডিয়া বিভাগে এটিএন নিউজের বিশেষ প্রতিবেদক মাশহুদুল হক। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ৮০ হাজার টাকার চেক তুলে দেন তথ্যমন্ত্রী। পাশাপাশি এটিএন নিউজের ক্যামেরা পারসন হাবিবুর রহমানকে বিশেষ সম্মাননাত্র, ক্রেস্ট ও ২০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতায় পেশাদারী উৎকর্ষ সাধনের লক্ষ্যে ১৯৯৯ সাল থেকে প্রতি বছর টিআইবি এ পুরস্কার দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৬৫৪ ঘ.