ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করার ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ।
ডিসিসি ভাগ সংক্রান্ত বিলটি সংসদে পাস হওয়ার পরদিন বুধবার সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন বিএনপির এ সংসদ সদস্য।
মঙ্গলবার স্থানীয় সরকার (সিটি করোরেশন) আইন (সংশোধন) বিল-২০১১ সংসদে পাস হয়। এটি কার্যকর হলে ঢাকা সিটি কর্পোরেশন ভেঙে দুটি করা হবে এবং পরবর্তী নির্বাচন পর্যন্ত অনির্বাচিত ব্যক্তি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংসদ বর্জন করে আসা বিরোধী দলের সংসদ সদস্যরা বুধবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মওদুদ বলেন, আইনের এ সংশোধন সংবিধানের ৫৯ অনুচ্ছেদের পরিপন্থী।
সংবিধানের ৫৯ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের ওপর প্রজাতন্ত্রের প্র্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হবে।
মওদুদ বলেন, “একটি নির্বাচিত প্রতিষ্ঠানকে নিজেদের নিয়োজিত অনির্বাচিত ব্যক্তির মাধ্যমে দখলে আনার এটি একটি দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। আমরা এই আইন পাসের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
৯০ দিন পরই নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বিধান রাখার বিষয়ে তিনি বলেন, “৯০ দিন তো দূরের কথা, ৯ দিনের জন্যও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অনির্বাচিত ব্যক্তির আসীন হওয়ার সুযোগ আমাদের সংবিধানে নেই।”
সংবিধানের সঙ্গে ‘সাংঘর্ষিক’ এ আইনের কার্যকারিতা স্থগিত রাখার দাবিও জানান তিনি।
নাগরিক সেবার মান বাড়াতেই ডিসিসি দুই ভাগ করা হয়েছে বলে সরকারের পক্ষে যুক্তি দেখানো হলেও মওদুদ মনে করছেন, এতে সমন্বয়হীনতা বাড়বে এবং দেখা দেবে প্রশাসনিক জটিলতা।
মওদুদ বলেন, “নির্বাচনে হারার ভয়ে ঐতিহ্যবাহী ঢাকা সিটি কর্পোরেশনকে শুধু দলীয় স্বার্থে দ্বিখণ্ডিত করা হয়েছে। আমাদের রাষ্ট্রকে দুর্বল করার ষড়যন্ত্রের সঙ্গে গত তিন বছর এই সরকার জড়িত রয়েছে, ঢাকাকে দুই ভাগ করার মাধ্যমে তারই বহিঃপ্রকাশ ঘটেছে।”
ডিসিসি ভাগের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি কী হবে- জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত হবে।
সংবাদ সম্মেলনে ছিলেন, আবদুল মমিন তালুকদার, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, নীলুফার ইয়াসমীন মনি, রাশেদা বেগম হীরা, শাম্মী আখতার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24