বাগেরহাট, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে কুমিরের মাথাসহ বিভিন্ন হাড়গোড় উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাল রায়েন্দা গ্রামের আফজাল হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাশ্যপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা আফজালের বাড়িতে অভিযান চালায়। বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে কুমিরের মাথাসহ বেশকিছু হাড়গোড় উদ্ধার করে তারা।
সুন্দরবন থেকে কুমিরটি শিকার করে পাচারের জন্য এখানে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসময় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৪৯ ঘ.
bdnews24