ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার সংসদীয় সিদ্ধান্তের দিনেই এ ঘটনায় ঘটনায় ঢাকাবাসীকে রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মোজাফফর আহমদ।
ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার বিল সংসদে পাস হয় মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে।
এদিনই বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীতে এক সমাবেশে ঢাকাবাসীকে ওই আহ্বান জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর।
শুরু থেকে ঢাকা ভাগের বিরোধী বিএনপির নেতা ও ডিসিসি মেয়র সাদেক হোসেন খোকাও সমাবেশে উপস্থিত ছিলেন।
সংসদে বিল পাসের মিনিট দশেক আগে সমাবেশে বক্তব্যে মোজাফফর বলেন, “ঢাকার কী হবে এটা নিয়ে সিদ্ধান্ত নিতে হলে ঢাকাবাসীর মতামত নিতে হবে। ঢাকাবাসীর মতামত না নিয়ে ঢাকার পরিবর্তন প্রশাসনিকভাবে করা অগণতান্ত্রিক, স্বৈরাচারী আচরণ।”
ঢাকার কাজের মাথা ভারি হয়ে গেলে ওয়ার্ড অফিসগুলোতে কাজের পরিধি ভাগ করার পরামর্শ দেন তিনি।
ঢাকা ভাগের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন উল্লেখ করে মেয়র সাদেক হোসেন বলেন, প্রয়োজনে তারা বড় ধরনের আন্দোলন করবেন।
মেয়রের দল বিএনপি ঢাকা ভাগের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব এ নিয়ে ‘দুর্বার আন্দোলন’ গড়ে তোলার কথা বলেছেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা সিটি কর্পোরেশন কাউন্সিলর ঐক্য পরিষদ আয়োজিত মঙ্গলবারের সমাবেশের সভাপতি কাউন্সিলর আবুল বাশার ঢাকা ভাগের প্রেক্ষাপটে হরতাল ডাকার হুমকি দেন।
প্রধান বিরোধী দল সংসদে অনুপস্থিত থাকা অবস্থায় মঙ্গলবার বিকেলে ঢাকা ভাগের বিল সংসদে কণ্ঠভোটে পাস হয়।
সংশোধিত এ আইন অনুযায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে থাকবে ১ থেকে ২৩, ৩৭ থেকে ৪৭ এবং ৫৪ ও ৫৫ নং ওয়ার্ড। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে থাকবে ২৪ থেকে ৩৬, ৪৮ থেকে ৫৩, ৫৬ থেকে ৯২ নং ওয়ার্ড।
এ দুটি সিটি কর্পোরেশনে নির্বাচন হবে ৯০ দিনের মধ্যে।
বর্তমান মেয়র ও কাউন্সিলররা আর দায়িত্বে থাকছেন না। নির্বাচন পর্যন্ত অনির্বাচিত ব্যক্তিই মেয়রের দায়িত্ব পালন করবেন।
সংসদে পাসের পর রাষ্ট্রপতির সইয়ের মধ্য দিয়ে বিলটি আইন হিসেবে কার্যকর হবে।
এদিকে মঙ্গলবার দুপুর ২টার দিকে নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার সংবাদ সম্মেলন করে ঢাকা ভাগের প্রতিবাদ জানান মেয়র সাদেক হোসেন খোকা। ঢাকা ভাগ না করে মেয়র নির্বাচন দেওয়া হলে প্রার্থী হবেন না বলে সেদিন ঘোষণাও দেন তিনি।
এর পরদিন নগর ভবনের সামনে ডিসিসি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
মঙ্গলবারের সমাবেশে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি আবদুর রউফ, ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা আজিজুল হক, চাষী নজরুল ইসলাম, গণস্বাস্থ নগর হাসপাতালের পরিচালক জাফর উল্লাহ, সংবাদিক মাহফুজ উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮৪৯ ঘ.
bdnews24