২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারীর মামলায় ফায়ার সার্ভিসের তিন জন বরখাস্ত

কর্মচারীর মানহানি মামলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালকসহ তিন কর্মী সাময়িক বরখাস্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মচারীর মানহানি মামলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালকসহ তিন কর্মী সাময়িক বরখাস্ত হয়েছেন। এরা হলেন- অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) সমরেন্দ্র নাথ বিশ্বাস, উচ্চমান সহকারী মো. তাছমিনা আলম ও মফিজুল হক। ফায়ার সার্ভিসের অভ্যন্তরীণ দুর্নীতি ও কর্মচারীদের বিরুদ্ধে বেআইনি আদেশের প্রেক্ষিতে উচ্চ ও নিু আদালত পাড়ায় কমপক্ষে ১১টি মামলার মধ্যে একটি মামলার ঘটনায় ওই কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (অগ্নি) সালমা বেগম স্বাক্ষরিত আদেশে তাদের বরখাস্ত করা হয়। মামলার নথি সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল ওই প্রতিষ্ঠানের সাবেক অফিস সহকারী শফিকুল ইসলাম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ বরখাস্তকৃতদের বিরুদ্ধে মানহানি মামলা করেন। মামলায় বলা হয়, সমরেন্দ্র ও অন্য আসামিরা ফায়ার সার্ভিস অধিদপ্তরের একটি ব্যক্তিগত নথি চুরির অভিযোগ এনে বাদির বিরুদ্ধে বংশাল থানায় মামলা করেন যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। ওই মিথ্যা মামলার কারণে বাদির পারিবারিক, সামাজিক জীবনে ব্যক্তিগত সম্মানহানি হয়েছে। শফিকুল শনিবার ঢাকার নিু আদালতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত ও মন্ত্রণালয়ের আদেশ উপেক্ষা করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহিদুল্লাহ সাময়িক বরখাস্তকৃত সহকারী পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস ও অন্য দুই কর্মচারীর মাধ্যমে অবৈধভাবে যথারীতি অফিসের কাজ চালিয়ে যাচ্ছেন।” এদিকে একই আদালতে আরেক কর্মচারীর করা মানহানি মামলায় আবু নাঈম মো. শহিদুল্লাহসহ চার জনের আগামী ৮ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ রয়েছে। এ মামলার বাদি উচ্চমান সহকারী মো. মোজাম্মেল হক। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৭২৫ ঘ.