২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসিক এলাকায় ইটভাটা নির্মাণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকায় ইটভাটা নির্মাণ করা নিয়ে এলাকাবাসীর সঙ্গে ভাটা মালিকের লোকজনের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকায় ইটভাটা নির্মাণ করা নিয়ে এলাকাবাসীর সঙ্গে ভাটা মালিকের লোকজনের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের আঁটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ দুই জনকে আটক করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, মনির হোসেন বাবুল নামের এক ব্যক্তি আঁটি এলাকায় শাহপরান ব্রিকস (৭৭৭ ব্র্যান্ড) নামে একটি ইটভাটার নির্মাণ কাজ শুরু করেন কয়েক দিন আগে। এলাকার লোকজন এর প্রতিবাদ জানায় এবং পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করে। ওই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোরশেদ আলম ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আক্তারুজ্জামান টুক ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় এলাকাবাসী ইটভাটা নির্মাণের বিরোধিতা করে ভাটার সামনে মানববন্ধন করে। ওসি বলেন, মানববন্ধনের সময় ইটাভাটার মালিক বাবুল, তার জামাতা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক ও তার লোকজন লাঠিসোটা নিয়ে এলাকার লোকজনকে বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় সাইদ ও রাজু নামে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী অভিযোগ, আবাসিক এলাকায় ইটভাটা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। অন্যদিকে ভাটার মালিক মনির হোসেন বাবুল বলছেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই এ কাজ শুরু করেছেন তিনি। তবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আক্তারুজ্জামান টুকু ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ইটভাটা নির্মাণে মালিককে এখনো চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোরশেদ আলম সাংবাদকিদের বলেন, “আবাসিক এলাকায় ইটভাটার কার্যক্রম চলতে দেওয়া সম্ভব নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৮১০ ঘ.