চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকে আরও একটি কূপ খনন শুরু করেছে সান্টোস বাংলাদেশ লিমিটেড।
বৃহস্পতিবার সকালে ‘উত্তর-পূর্ব সাঙ্গু-১’ কূপে খনন কাজ শুরু হয় বলে জানিয়েছেন অস্ট্রেলিয়াভিত্তিক কোম্পানি সান্টোসের সহ-সভাপতি (গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স) এ বি এ সিরাজ উদ্দৌলাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বঙ্গোপসাগরের তীর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে এই কূপে ৩ হাজার ৮০০ মিটার পর্যন্ত খনন চালানো হবে। কাজ শেষ করতে ৪৫ দিন সময় লাগতে পারে।
এর আগে সান্টোস ‘দক্ষিণ সাঙ্গু-৪’ কূপে তিন হাজার ৪০০ মিটার পর্যন্ত খনন করলেও পানির চাপ সামাল দিতে না পেরে গত ১০ নভেম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওই কূপ থেকে রিগ সরিয়ে ‘উত্তর-পূর্ব সাঙ্গু-১’ এ নিয়ে আসা হয়।
‘দক্ষিণ সাঙ্গু-৪’ এর পর ‘সাঙ্গু-১১’ কূপে খনন শুরুর কথা থাকলেও যন্ত্রপাতি সঙ্কটের কারণে ‘উত্তর-পূর্ব সাঙ্গু-১’ কূপে কাজ শুরু করলো সান্টোস। আগামী বছরের ৮ জানুয়ারি এ কূপ খনন শুরুর কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৭০২ ঘ.
bdnews24