সুনামগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশনরোডে সুনামগঞ্জবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আবুল মুনসুর শওকত, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমদ এবং জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
টিপাইমুখে বাঁধ হলে সুনামগঞ্জসহ সিলেট বিভাগের হাওরাঞ্চল মরুভূমিতে পরিণত হবে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। তারা অবিলম্বে এ বাঁধ নির্মাণ কাজ বন্ধের দাবিও জানান।
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর শুক্রবার বিবিসি প্রকাশ করলে তা নিয়ে নতুন করে আলোচনা উঠে; বাংলাদেশে দেখা দেয় উদ্বেগ-উৎকণ্ঠা।
এ বিষয়ে সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে ১ ডিসেম্বর সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বিষয়ে তার সরকার সচেতন রয়েছে।
টিপাইমুখে বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে চিঠি পাঠিয়েছেন।
টিপাইমুখ বাঁধ নির্মাণের তোড়জোড়ের শুরু থেকেই বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিলো। পরিবেশবাদীরা বলছেন, বরাক নদীর ওপর এ প্রকল্পের বিরূপ প্রভাব পড়বে সিলেট তথা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে।
বরাক নদীই বাংলাদেশে ঢুকে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোতধারায় বিভক্ত হয়। এ দুটি আবার এক হয়ে মেঘনা নদী নামে চাঁদপুরে পদ্মার সঙ্গে মিলিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৬১০ ঘ.
bdnews24