নারায়ণগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে তারই কাহিনী অবলম্বনে নারায়ণগঞ্জে চার দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
বুধবার বিকালে শহরের চাষাঢ়া শহীদ জিয়া হলে উৎসবের উদ্বোধন করেন শিল্পী মুস্তাফা মনোয়ার। চলবে শনিবার পর্যন্ত।
চলচ্চিত্র উৎসবে রবীন্দ্রনাথের চিত্রকলা প্রদশর্নীরও আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
নারায়ণগঞ্জ সার্ধশত রবীন্দ্রজয়ন্তী পরিষদের সদস্য সচিব ভবানী শংকর রায় জানান, উৎসবের প্রথম দিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত চলচ্চিত্র নটীর পূজা, সত্যজিত রায় নির্মিত তথ্যচিত্র রবীন্দ্রনাথ এবং চলচ্চিত্র পোস্টমাস্টার প্রদশির্ত হয়।
দ্বিতীয় দিন (২৪ নভেম্বর) তপন সিনহা পরিচালিত কাবুলিওয়ালা, সত্যজিৎ রায়ের ঘরেবাইরে, ২৫ নভেম্বর কুমার সাহানীর পরিচালনায় চার অধ্যায়, সত্যজিৎ রায়ের চারুলতা, ২৬ নভেম্বর সমাপনী দিনে ঋতুপর্ণ ঘোষের নৌকা ডুবি, চাষী নজরুল ইসলাম পরিচালিত শান্তি এবং সুমন মুখোপাধ্যায়ের চতুরঙ্গ চলচ্চিত্র প্রদশির্ত হবে।
ভবানী শংকর জানান, গত ২৫শে বৈশাখ থেকে নারায়ণগঞ্জ সার্ধশত রবীন্দ্রজয়ন্তী পরিষদ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।
নারায়ণগঞ্জ সার্ধশত রবীন্দ্রজয়ন্তী পরিষদের সমন্বয়ক রফিউর রাব্বির সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেন শিল্পী মোস্তফা মনোয়ার, চলচ্চিত্রকার মশিহউদ্দিন শাকের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24