২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ভাগের বিল সংসদে

প্রশাসক নিয়োগের বিধান রেখে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে এ সংক্রান্ত বিল সংসদে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসক নিয়োগের বিধান রেখে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে এ সংক্রান্ত বিল সংসদে উঠেছে। বুধবার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০১১ এর সংশোধন বিল সংসদে উত্থাপন করেন। বিলটি পরীক্ষার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন স্পিকার আবদুল হামিদ। এ জন্য কমিটিতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম বিল উত্থাপনে আপত্তি জানালেও তা কণ্ঠভোটে নাকচ হয়। সংশোধিত বিলটি সংসদে পাস হয়ে আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত হবে এবং পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার দুই সিটি কর্পোরেশনের জন্য দুজন প্রশাসক নিয়োগ করতে পারবেন। তাহলে বর্তমান মেয়র সাদেক হোসেন খোকা এবং কাউন্সিলররা আর তাদের পদে বহাল থাকতে পারবেন না। প্রস্তাবিত এ আইনে ডিসিসিকে দুই ভাগ করার পাশাপাশি প্রশাসক নিয়োগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় প্রতিরক্ষা কর্মবিভাগকে বাদ দিয়ে বিজিবি ও কোস্টগার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের সব সিটি কর্পোরেশনের জন্য অভিন্ন বিধান করে প্রণীত ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে কয়েকটি ধারা তফসিলে সংশোধনী ও কয়েকটি নতুন ধারা সংযোজন করে এই সংশোধনী বিলটি আনা হয়েছে। গত ৩১ অক্টোবর মন্ত্রিসভা বিলটি চূড়ান্ত অনুমোদন দেয়। প্রস্তাবিত আইনে ঢাকা মহানগরের ৫৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে আরেকটি সিটি কর্পোরেশন গঠনের কথা বলা হয়েছে। এক কোটির বেশি জনঅধ্যুষিত ঢাকাবাসীকে সেবা দিতে একটি নগর কর্তৃপক্ষ যথেষ্ট নয় বলে মনে করছে সরকার। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আইন সংশোধনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আপত্তি উত্থাপনকারী ফজলুল আজিম বলেন, “রাজনৈতিক কারণে ডিসিসিকে দ্বিখণ্ডিত করা ঠিক হবে না।” প্রধান বিরোধী দল বিএনপিও বলে আসছে, রাজনৈতিক কারণেই ঢাকা নগরীকে ভাগ করা হচ্ছে। বিএনপি নেতা সাদেক হোসেনসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরাও এ আইন সংশোধনের বিরোধী। ঢাকা সিটি কর্পোরেশনে এখন ওয়ার্ড ৯২টি। প্রস্তাবিত আইনে ৫৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে আরেকটি সিটি কর্পোরেশন গঠনের কথা বলা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, মোঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬০৮ সালে ঢাকার গোড়াপত্তন হয়। তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। ১৮৬৪ সালে ঢাকা পৌরসভায় উন্নীত হয়। ১৯৪৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী হয় শহরটি। ১৯৭৮ সালে পৌরসভা থেকে মিউনিসিপ্যাল কর্পোরেশন হয় ঢাকা। ১৯৯০ সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম হয় ঢাকা সিটি কর্পোরেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২১১ ঘ.