২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ: সিলেটে হরতালে জমিয়তের সমর্থন

টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারতের চুক্তি এবং এ বিষয়ে সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে ডাকা বিএনপির হরতালে সমর্থন দিয়েছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

সিলেট, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারতের চুক্তি এবং এ বিষয়ে সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে ডাকা বিএনপির হরতালে সমর্থন দিয়েছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম। একইসঙ্গে দলটি ১৫ দিনের আন্দোলন কর্মসূচিও ঘোষণা করেছে। বুধবার বিকালে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব শাহীনুর পাশা চৌধুরী। আগামী ১ ডিসেম্বর সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। জমিয়তে উলামায়ে ইসলামের কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ নভেম্বর বিকালে বিক্ষোভ মিছিল, ১ ডিসেম্বর বিএনপির হরতালে সমর্থন, ২৫ নভেম্বর মসজিদ থেকে হরতাল ও রোডমার্চ সফলের লক্ষ্যে বিক্ষোভ মিছিল, ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর থানা ও উপজেলায় বিক্ষোভ মিছিল, ৫ ডিসেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ ও ৬ ডিসেম্বর বিভিন্ন শ্রেণী, পেশা ও সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়। কর্মসূচির শেষ দিন ৮ ডিসেম্বর সিলেট থেকে জকিগঞ্জ অভিমুখে হবে রোডমার্চ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এম আব্দুর রহমান সিদ্দিকী, জেলার সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ সেক্রেটারি আছরারুল হক, যুব জমিয়ত জেলা সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৫ ঘ.