ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি।
এর পাশাপাশি নতুন এ সিটি কর্পোরেশনের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছে বিরোধী দল।
তবে কোনো দাবির পক্ষেই নির্বাচন কমিশনের (ইসি) সাড়া যে মিলছে না, তা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কথায় স্পষ্ট হয়েছে।
কুমিল্লা নির্বাচনের তফসিল ঘোষণার দিন মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি চিঠি ইসি সচিবালয়ে দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।
বিএনপির চিঠি পাওয়ার ঘণ্টাখানেক আগেই তফসিল ঘোষণার সময় সিইসি জানান, আগামী ৫ জানুয়ারি কুমিল্লায় নির্বাচনে সব ওয়ার্ডেই ইভিএমে ভোটগ্রহণ হবে।
বিএনপির আপত্তির বিষয়ে জানতে চাওয়া হলে সিইসি শামসুল হুদা সাংবাদিকদের বলেন, নির্দলীয় এ নির্বাচনের বিষয়ে দলগুলোর এ ধরনের দাবি করা ঠিক নয়।
তিনি জানান, সংলাপে অধিকাংশ নিবন্ধিত দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে পর্যায়ক্রমে তা ব্যবহারের পরামর্শ দেয়।
“দলগুলোর পরামর্শ অনুসরণ করেই স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে। প্রার্থী, ভোটার, নির্বাচনী কর্মকর্তারা ও অধিকাংশ দল এর পক্ষে। দেশি-বিদেশি সংস্থাগুলোও ইভিএম ব্যবহারের উৎসাহিত করছে। এখন একটি দলের বিরোধিতা করলে কিছু করার নেই,” বলেন সিইসি।
সেনা মোতায়েন বিষয়ে তিনি বলেন, “কুমিল্লা দেশের সবচেয়ে ছোট সিটি কর্পোরেশন। এ নির্বাচনে সেনা মোতায়েনের প্রশ্নই উঠে না। তবে র্যাব, পুলিশ, বিজিবিসহ আইন শৃঙ্খলাবাহিনীর অন্য সদস্য পর্যাপ্ত সংখ্যায় নিয়োজিত থাকবে।”
এদিকে সিইসিকে লেখা চিঠিতে বিএনপি বলেছে, “এ নির্বাচন বর্জন করলে তার দায়ভার ইসিকে বহন করতে হবে।”
নির্দলীয় সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী সমর্থনে দলগুলোর আইনি বাধা না থাকলেও এক্ষেত্রে ‘সংযত’ আচরণ করতে ক্ষমতাসীন ও বিরোধী দলসহ সবার সহযোগিতা চেয়েছেন শামসুল হুদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২০০ ঘ.
bdnews24