ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয়বারের মতো আগামী ৭ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন করবে সরকার।
বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
এ উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম দিন থাকছে- জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে শোভাযাত্রা, প্রদর্শনী, মতবিনিময় সভা ও গ্রাহকদের মধ্যে লিফলেট বিলি।
দ্বিতীয় দিন ৮ ডিসেম্বর ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়ার পাশাপাশি ব্যানার ও সিটিজেনস চার্টার প্রদর্শন।
তৃতীয় দিন ৯ ডিসেম্বর বিদ্যুৎ মেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির প্রদর্শনের পাশাপাশি বকেয়া বিলও আদায় করা হবে।
চতুর্থ দিন ১০ ডিসেম্বর দপ্তর প্রধানদের ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার পরিদর্শন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, বিদ্যুৎ বিল আদায়ে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ।
কর্মসূচির শেষ দিন ১১ ডিসেম্বর বিদ্যুৎকর্মীদের নিরাপত্তামূলক মহড়া ও প্রতিযোগিতার আয়োজন, স্ব স্ব বিদ্যুৎ সংস্থার নিজস্ব কর্মকাণ্ডের ওর ভিডিও এবং পাওয়ার পয়েন্ট প্রদর্শন।
এ সপ্তাহ উপলক্ষে সেরা বিদ্যুৎকর্মী, প্রকল্প পরিচালক, বিদ্যুৎ ইউনিট, বিদ্যুৎ গ্রাহক, গবেষণা কার্যক্রম, স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের বিদ্যুৎ বিষয়ক রচনা প্রতিযোগিতা, সংবাদপত্র ও ইলেকট্রনিক রিপোর্টিং বিষয়ে পুরস্কার দেওয়া হবে বলে জানান বিদ্যুৎ সচিব।
এছাড়া স্কাউট সদস্যদের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা সৃষ্টিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিন বিদ্যুৎ ভবনে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী ৭ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24