নাটোর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলার ২৭ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার সবাই নাটোর জেলা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এতদিন তারা হাইকোর্টের আগাম জামিনে মুক্ত ছিলেন।
আসামিদের আইনজীবী আরিফুর রহমান আদালতে বলেন, আসামিরা হাইকোর্টে আত্মসমর্পণ করে বিভিন্ন মেয়াদে আগাম জামিন নিয়েছিলেন। তাদের জামিনের মেয়াদ শেষ হয়ে গেলেও পুনরায় হাইকোর্ট থেকে জামিনের মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে। এ জন্য সময় প্রয়োজন।
গত বছরের ৮ অক্টোবর বড়াইগ্রামরে বনপাড়া পৌর শহরে সানাউল্লাহ নূর ওরফে বাবুকে দুর্বৃত্তরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় তার স্ত্রী মহুয়া নূর কচি বাদী হয়ে বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জাকির হোসেনসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আহম্মদ আলী মামলাটি তদন্ত করছেন।
আসামিদের মধ্যে ১৬ জন হলেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোকন মোল্লা, বনপাড়া ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, রেজাউল করিম, হাশেম, গৌতম, মালেক, হাবিব, বাবু, সৈকত ওরফে তরিকুল, বাবলু, আশরাফুল, হাশেম আলী, মাহবুব, সেলিম ও হোসেন।
বাকি ১১ আসামিও আদালতে উপস্থিত ছিলেন। তাদের নাম জানা যায়নি।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের কেউ আসামিদের আবেদনের বিরোধিতা করেনি। এছাড়া মামলার এজাহারকারী নিহত সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূরের কোনো আইনজীবীও আদালতে দেখা যায়নি।
এ ব্যাপারে আদালত পুলিশের নিযুক্ত উপ-পরিদর্শক এস এম জামান বলেন, "আদালত আমার কাছে শুনতে চাননি। তাই কিছু বলা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১২ ঘ.
bdnews24