ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে যাত্রিবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।
কদমতলীর মুন্সিখোলায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। এরা হলেন- কামাল হোসেন (১৫), মো. রেজাউল (২৫), মো. হাসান (১৬), লাল মিয়া (৪০), মো. দুলাল (৩২) ও সামর্থ্যবান (৫৫)। এদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা সবাই লেগুনার যাত্রী বলে পুলিশ জানায়।
কদমতলী থানার ওসি মো. শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা ম্যাচ ফ্যাক্টরির সংলগ্ন মুন্সিখোলা নামক ওই স্থানে ওই সময় নারায়ণগঞ্জ থেকে বোরাক পরিবহনের একটি বাস ঢাকার দিকে আসছিল। পথে বিপরীতমুখী লেগুনাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ওই ছয়জন আহত হয়।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২৩৪১ ঘ.
bdnews24