সিরাজগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রাস্তায় গাছ ফেলে বেশ কয়েকটি যানবাহনে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। ডাকাতদের মারধরে আহত হয় অন্তত পনের জন।
শুক্রবার রাত ৯টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী ধানকুণ্ঠি ব্রিজের কাছে একদল মুখোশধারী বেশ কয়েকটি যানবাহনে ডাকাতি করেছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পলাশ ও শামসুল মির্জা নামের দু'জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া পুলক, নাছির, সাইদুর, দুলাল, ট্রাক চালক এশারত, তার সহকারী আকতারুল, নাছিরসহ বাকিদের তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাড়াশ ওসি আতাউর রহমান জানান, প্রায় একঘণ্টা ধরে বিভিন্ন যানবাহন আটক করে যাত্রীদের কাছ থেকে নগদ প্রায় ১০ লাখ টাকা, মোবাইল ফোন সেট ও মালামাল লুটে নেয় তারা।
ডাকাতরা নগদ টাকা, ২০টি মোবাইল ফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে।
শনিবার সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আহতরা জানান, রাস্তায় তাল গাছ ফেলে নিমগাছী ও তাড়াশ থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা, শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি ও মোটরসাইকেল আটকে ডাকাতরা লুটপাট করে।
এ সময় বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৪৩ ঘ.
bdnews24