গাজীপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাবলিগ জামাতের সবচেয়ে বড় বার্ষিক সম্মিলন বিশ্ব ইজতেমা ১৩ জানুয়ারি শুরু হবে। টঙ্গীর তুরাগ তীরে এবারো তা দুই পর্বে হবে।
বিশ্ব ইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন আহমেদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১২ সালের ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম দফা শুরু হবে এবং ২০ জানুয়ারি তিন দিনের দ্বিতীয় দফা শুরু হবে। প্রতি দফার শেষ দিন আখেরি মোনাজাত হবে।
এর আগে ইজতেমা মাঠে ২ ডিসেম্বর থেকে চিল্লাধারী মুসুল্লিদের ৫ দিনের জোড় (সম্মিলন) শুরু হবে। তা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন মেয়াদি চিল্লাধারী সাধারণ মুসল্লি ও ওলামারা ২ ডিসেম্বরের জোড়ে অংশ নেবেন। ইতোমধ্যে ইজতেমা মাঠের টিনশেড মসজিদের দক্ষিণ পাশে প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়েছে।
দেশ-বিদেশের প্রায় এক লাখ চিল্লাধারী মুসল্লি এ জোড়ে অংশ নেবেন। জোড় শেষে এখানে পাওয়া বিভিন্ন দিক-নির্দেশনা মোতাবেক তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সারা দেশে তাবলিগি দাওয়াতিকাজে ছড়িয়ে পড়বেন। দাওয়াতি কাজ শেষে তারা আবার বিশ্ব ইজতেমায় যোগ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২৩১১ ঘ.
bdnews24