চাঁদপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরে ছাত্রলীগ কর্মীরা দোকানপাট ভাংচুর করায় মঙ্গলবার দুপুরে প্রতীকী ধর্মঘট পালন করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ না পাওয়া কয়েকজন স্থানীয় নেতার বিক্ষুব্ধ সমর্থকরা সোমবার গভীর রাতে প্রায় এক ঘণ্টা ধরে শহরের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায়। এর প্রতিবাদে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ধর্মঘটের ডাক দেয় চাঁদপুর দোকান মালিত সমিতি।
মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গেও দেখা করবো আমরা।"
সোমবার রাত ১১টার পর থেকে শহরের হাজী মহসিন রোড এলাকা থেকে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে শুরু করে ছাত্রলীগ কর্মীরা। এরপর তারা শহরের কালীবাড়ি, জেএম সেনগুপ্ত রোড, জোড়পুকুর পাড়, আদালত পাড়া, নতুনবাজার, বেবি স্ট্যান্ডসহ আরো কয়েকটি এলাকায় দোকানপাটে ভাংচুর চালায়।
এসময় মুদি দোকান, ফলের দোকান, স্টেশনারী দোকানসহ কয়েকটি হাসপাতাল এবং ৪/৫টি মটর সাইকেল ভাংচুর করা হয়। নির্বিচারে ভাংচুরের ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিক্ষুব্ধ কর্মীরা এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমানের বাসায় হামলা চালালে তার সমর্থকরাও কিছুক্ষণ পর আরেক দফা দোকানপাট ভাংচুর করে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
গভীর রাতে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আব্দুল মোতালেব সাংবাদিকদের জানান, ছাত্রলীগ নেতা জিলানী ও রবিনসহ কয়েকজন নেতাকে কেন্দ্রীয় কমিটিতে পদ দেওয়ার ব্যাপারে জেলা পর্যায় থেকে সুপারিশ পাঠানো হয়। সোমবার রাতে ২২০ সদস্যবিশিষ্ট ওই কমিটি ঘোষণা করা হলে দেখা যায় সেখানে ঠাঁই হয়নি ওই নেতাদের।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান বলেন, "কিছু উচ্ছৃঙ্খল যুবক শহরজুড়ে এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে। বিষয়টি জেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন মজুমদার সাংবাদিকদের বলেন, পুলিশ পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২৫৬ ঘ.
bdnews24