সাভার, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে ঠিকাদারী ব্যবসাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে গুলি করেছে প্রতিপক্ষের লোকজন।
মুমূর্ষু অবস্থায় মো. আলাউদ্দিন নামের ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার বিকালে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লায় আলাউদ্দিনের বাড়িতে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কেরামত আলী জানান, দত্তপাড়া এলাকায় একটি নির্মাণ কাজের স্থানীয় ঠিকাদার মো. জাবেদ ও মোজাম দেওয়ান ইট, বালু, রডসহ বিভিন্ন মালামাল সরবরাহ করে আসছিলেন। সম্প্রতি কাজটি একাই নিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন মোজাম দেওয়ান। এ নিয়ে দু'পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষও হয়।
এর জেরে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে মোজাম দেওয়ানের নেতৃত্বে রুহুল মন্ডল, রব, হানিফ, আব্বাসসহ কয়েকজন সশস্ত্র যুবক দত্তপাড়া গিয়ে জাবেদকে খোঁজে।
তাকে না পেয়ে পরে তার সহকারী আলাউদ্দিনের বাড়ি ঢুকে পরিবারের সদস্যদের সামনেই তাকে লক্ষ্য করে গুলি করে চলে যায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, সন্ধ্যায় আলাউদ্দিনের বাড়ির উঠোন (ঘটনাস্থল) থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মো. জাবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোজাম দেওয়ান অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে প্রথমে আমাকে হত্যা করতে যায়। আমাকে না পেয়ে আলাউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।
আলাউদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৭ ঘ.
bdnews24