২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র: অভিযোগ গঠনের শুনানি চলছে

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় মতিউর রহমান নিজামী ও লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মঙ্গলবার সকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 06:44 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় মতিউর রহমান নিজামী ও লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মঙ্গলবার সকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে একবার বিরতিসহ বিকাল ৪টা পর্যন্ত শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা এবং সিনিয়র বিশেষ জজ এস এম মজিবুর রহমান এ আদেশ দেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যের পর ছয় আসামির আইনজীবী পূর্ণাঙ্গ এবং একজন আংশিক বক্তব্য উপস্থাপন করেন। বাকি আসামির আইনজীবীরা মঙ্গলবার বক্তব্য দেবেন বলে মহানগর পিপি কামাল উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন। শুনানিকালে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআই'র সাবেক দুই প্রধানসহ ১১ আসামি আদালতে হাজির ছিলেন। বাবর, নিজামী, কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক জিএম (প্রশাসন) এনামুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, এনএসআই'র সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন, সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেনের আইনজীবীরা তাদের মক্কেলকে নির্দোষ দাবি করে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া এনএসআই'র সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমের আইনজীবী আংশিক বক্তব্য উপস্থাপন করেন। এরপর এনএসআই'র সাবেক অপর প্রধান মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের আইনজীবীরা তাদের অব্যাহতির ওপর শুনানি করবেন। এই মামলার সম্পূরক অভিযোগপত্রে অভিযুক্ত সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফানেতা পরেশ বড়–য়া পলাতক থাকায় তাদের অব্যাহতির ওপর কোনো আবেদন আদালতে জমা পড়েনি। গত ২৫ অক্টোবর মহানগর দায়রা জজ শেষবারের মতো আসামিপক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ নভেম্বর) নতুন তারিখ নির্ধারণ করেন। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দু'টি মামলা করে। তৎকালীন তদন্ত কর্মকর্তা প্রথম একটি অভিযোগপত্র জমা দেন। এরপর বেশ কয়েকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী গত জুনে সম্পূরক অভিযোগপত্র দেন। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামি এনামুল হক, শাহাবুদ্দিন, মোহসিন উদ্দিন তালুকদার, লুফুজ্জামান বাবর, লিয়াকত হোসেন, মতিউর রহমান নিজামী, আবদুর রহিম, রেজ্জাকুল হায়দার চৌধুরী, আকবর হোসেন খান, দুই 'চোরাচালানি' হাফিজুর রহমান ও দীন মোহাম্মদকে চট্টগ্রাম কেন্দ্রেীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শেষের দুই আসামির বিরুদ্ধে আগে অভিযোগ গঠন করা হয়েছে। এদের ব্যাপারে আর শুনানি হবে না। সাবেক দুই গোয়েন্দা প্রধানের চিৎকার আসামিদের আদালতে আনা হলে তাদের জন্য নির্দিষ্ট কাঠগড়ায় নেওয়ার সময় পুলিশের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করেছেন আবদুর রহিম ও রেজ্জাকুল হায়দার চৌধুরী। পরে তাদের আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যরা কাঠগড়ার পরিবর্তে তাদের সামনের বেঞ্চে বসতে দেন। মতিউর রহমান নিজামী ও লুৎফুজ্জামান বাবরকেও কাঠগড়ার বাইরে বেঞ্চে বসতে দেওয়া হয়। তবে অন্য আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। সবার হাতে হতকড়া নেই কেন? নিজামী-বাবরসহ অন্য আসামিদের হাতকড়া পড়ানোর দাবি জানিয়েছেন অন্যতম আসামি কথিত চোরাচালানি হাফিজুর রহমান। আসামিদের মধ্যে শুধু হাফিজুর রহমান ও দীন মোহাম্মদকেই হাতকড়া পড়ানো হয়। তাই শুনানির এক পর্যায়ে হাফিজ আদালতের কাছে জানতে চান কেন অন্য আসামিদের হাতে হাতকড়া নেই। তবে আদালত এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২৪৩ ঘ.