২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র: অভিযোগ গঠন শুনানি সোমবার

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবরসহ সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামিদের বিরুদ্ধে সোমবার অনুষ্ঠিত হবে অভিযোগ গঠনের শুনানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবরসহ সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামিদের বিরুদ্ধে সোমবার অনুষ্ঠিত হবে অভিযোগ গঠনের শুনানি। চট্টগ্রাম মহানগর দায়রা এবং সিনিয়র বিশেষ জজ-১ এর বিচারক জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে। এদিন জাতীয় নিরাপত্তা গায়েন্দা সংস্থা-এনএসআই'র সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন ও চোরাচালানি দীন মোহাম্মদের জামিনের শুনানিও অনুষ্ঠিত হওয়ার তারিখ রয়েছে। চট্টগ্রাম মহানগর পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবারই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা যাবে বলে আশা করছি। রাষ্ট্রপক্ষ এ জন্য প্রস্তুত রয়েছে।" গত ২৫ অক্টোবর মহানগর দায়রা জজ শেষবারের মতো আসামিপক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেন। কামাল উদ্দিন জানান, আসামিদের অন্যান্য আবেদনের ওপরও সোমবার শুনানি অনুষ্ঠিত হবে। এ জন্য সোমবার সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করানো হবে। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করে। তদন্তের পর তৎকালীন তদন্ত কর্মকর্তা একটি অভিযোগপত্র আদালতে জমা দেন। বেশকয়েকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী গত জুনে সম্পূরক অভিযোগপত্র জমা দেন। এতে নিজামী, বাবর ও এনএসআইয়ের সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করা হয়। এদের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফানেতা পরেশ বড়–য়া পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১৫৬ ঘ.