ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আসাদগেটে বৃহস্পতিবার বিকালে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং দুইজন আহত হয়েছে।
নিহত চাঁদনী (৩২) তার মেয়েসহ ভাইয়ের মোটরসাইকেলে চড়ে বাসায় যাচ্ছিলেন। আহতরা হলেন- নিহতের ভাই মোফাজ্জল এবং তার মেয়ে নিহা (৯)। মোফাজ্জল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
একটি যাত্রিবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনে বসা চাঁদনী রাস্তায় ছিটকে পড়ে যান। এ সময় বাসটি তার মাথা পিষ্ট করে চলে যায়।
মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদনী তার দূর সম্পর্কের ভাই মোফাজ্জলের সঙ্গে মোটরসাইকেলে করে পলাশী থেকে উত্তরার বাসায় যাচ্ছিলেন তারা।
একই দিকে যাওয়া একটি বাস তাদের ধাক্কা দেয় বলে জানান।
তিনি বলেন, "দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।"
আহত দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তারা তারা আশঙ্কামুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২২০ ঘ.
bdnews24