ঢাকা/নোয়াখালী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে সে দেশের পুলিশ।
নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মুজাহিদপুর গ্রামের মো. নুরুল্লার ছেলে মো. শহীদুল্লাহ (৩৫) এবং সদর উপজেলার কাদিরহানিফ গ্রামের মো. সোহেল (২২)। শহীদ সম্পর্কে সোহেলের ফুপাত বোনের জামাই।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের কমকর্তারা জানান, সোমবার রাতে ডারবান শহরে তারা খুন হন।
শহীদুল্লাহর চাচাতো ভাই মো. ইয়াসিন ডারবান থেকে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডারবানের জুলু এলাকায় একটি মুদি দোকান চালাতেন শহীদ। আর সোহেল সেখানে কাজ করতেন। সোমবার রাতে দোকানের শাটার কেটে ভেতরে ঢুকে তাদের জবাই করে দুর্বৃত্তরা।
পরদিন সকালে আশপাশের ব্যবসায়ীরা দোকানের শাটার ভাঙ্গা দেখে ভেতরে ঢুকে শহীদ ও সোহেলের গলাকাটা লাশ দেখতে পান। তাদের কাছে খবর পেয়ে পুলিশ পরে লাশ উদ্ধার করে।
এ ঘটনার পর স্থানীয় পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে বলে জানান ইয়াছিন।
দক্ষিণ আফিকায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. মিজানুর রহমান বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নভেম্বরের ১/২ তারিখে শহীদুল্লাহর গ্রোসারি শপে ডাকাতি হয়। এ ব্যাপারে শহীদ একটি মামলা করেন। ডাকাতরা প্রতিহিংসা থেকে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।"
"শহীদের পরিবার হাইকমিশনকে জানিয়েছে, কোনো বেসরকারি সংস্থার সহায়তা নিয়ে দুই জনের লাশ দেশে ফেরত পাঠানো হবে", যোগ করেন ফার্স্ট সেক্রেটারি।
শহীদের স্ত্রী রুমির বড়ভাই মো. বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়াছিন মঙ্গলবার দেশে ফোন করে হত্যাকাণ্ডের ঘটনা জানান।
প্রায় ছয় বছর ধরে ডারবানে বসবাস করছিলেন শহীদ। গত বছরের সেপ্টেম্বর মাসে সোহেলও সেখানে যান।
শহীদ ও রুমির ছয় বছরের একটি মেয়ে আছে।
সোহেলের পরিবারের সদস্যরা জানান, তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাড়িতে তার এক প্রতিবন্ধী ভাই রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসজেড/সিএস/জেকে/১৯৫১ ঘ.
bdnews24