ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ ও মুন্সীগঞ্জে বুধবার দু'টি সংঘর্ষে অন্তত ৯০ জন আহত হয়েছেন।
এরমধ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫০ এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় রয়েছেন অন্তত ৪০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি জানান, কুর্শা খাগাউড়া গ্রামে বিল দখলকে কেন্দ্র করে সকালে দু'দলের সংঘর্ষ হয়।
গুরুতর আহত আব্দুস সালাম, আব্দুল রাজ্জাক, সোহেল মিয়া, সাঈদি ও আবুল কালামকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া মুস্তাফিজুর রহমান, সাহাব উদ্দিন, রিপন মিয়া, সুজন মিয়া, আব্দুল হামিদ, শাওন, সাহেব আলী, সুফিয়া বেগম (১৫), সুফিয়া খাতুন (৪০), খালেক মিয়া, ওয়াহেদ মিয়া, আদর চান, আব্দুল বারিক, চমক, আব্দুর রউফ, মাসুক মিয়া, জুয়েল মিয়া, শামসু মিয়া, সেলিম মিয়া, রমজান আলী ও নুর মিয়াসহ অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার (উত্তর) এস এম সিরাজুল হুদা জানান, গ্রামের বাহার চরের বিল দখল নিয়ে মহিবুর রহমান বড় মিয়া (৭০) ও এ কে আজাদ ওয়ায়েসের (৫০) মধ্যে পূর্ব বিরোধ ছিল।
এর জেরে সকাল ৮টায় দু'পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাঠি, টেটা, বল¬মসহ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি বন্দুক এবং শতাধিক দেশি অস্ত্র উদ্ধার করেছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, আলদী গ্রামে দু'পক্ষের সংঘর্ষে ১৫ গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছে।
আহতদের ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গীবাড়ী থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, গরুর হাটের ভাগ বাটোয়ারা নিয়ে সকাল ৯টার দিকে কাঠাদিয়া-শিমুলিয়া ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শামসুদ্দিন মিয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24