২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে দু'পক্ষের বন্দুকযুদ্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য শান্তিচুক্তির পক্ষ ও বিপক্ষের দুটি সংগঠনের কর্মীদের মধ্যে গোলাগুলি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দুইজন নিহত ও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর দিলেও পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

রাঙামাটি, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য শান্তিচুক্তির পক্ষ ও বিপক্ষের দুটি সংগঠনের কর্মীদের মধ্যে গোলাগুলি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দুইজন নিহত ও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর দিলেও পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি। বাঘাইছড়ি থানার ওসি নাঈম উদ্দীন সাংবাদিকদের জানান, বুধবার সকালে উপজেলার মারিশ্যা ইউনিয়নের বুইয়োছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। একই থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দুকযুদ্ধের খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরে এসেছেন। "তারা ঘটনাস্থলে রক্তের দাগসহ জঙ্গলের মধ্যে বন্দুকযুদ্ধের আলামত দেখেছেন। তবে কোনো লাশ পাননি," বলেন ওয়াহিদুজ্জামান। স্থানীয় বাসিন্দারা জানান, পার্বত্য চুক্তির পক্ষের জনসংহতি সমিতি ও বিপক্ষের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক (ইউপিডিএফ) এর মধ্যে সকাল ৭টার দিকে বন্দুকযুদ্ধ শুরু হয়। থেমে থেমে প্রায় দুইঘণ্টা গোলাগুলি চলে দুই পক্ষের মধ্যে। এরপর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্দুকযুদ্ধে জনসংহতি সমিতির সদস্য রিতেশ দেওয়ান ওরফে নিলয় (৩৮) ও চক্ক চাকমা ওরফে রুমেল (৩২) নিহত ও অজ্ঞাত পরিচয় একজন আহত হন। বুইয়োছড়ির এলাকা প্রধান দীপন কারবারী সাংবাদিকদের জানান, তিনি বন্দুকযুদ্ধের পরপরই একজনের লাশ কাপড়ের মোড়ানো অবস্থায় নিয়ে যেতে দেখেছেন। এ ব্যাপারে বাঘাইছড়ির ওসি নাঈম উদ্দীন সাংবাদিকদের বলেন, "চুক্তির পক্ষ-বিপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে হতাহতের কোনো খবর আমাদের কাছে নেই।" পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা এবং ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলার সংগঠক সমশান্তি চাকমাও বলেছেন, তারা বুন্দুকযুদ্ধের কথা স্থানীয় লোকজনের মাধ্যমে শুনেছেন। তবে এতে নিজের সংগঠনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তারা দুজনেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২১১০ ঘ.