চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানার পানওয়ালা পাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে এলাকাবাসীর সহায়তায় পুলিশ নুরুল আমিন (৪০) নামের ওই রিকশা চালককে গ্রেপ্তার করে।
পুলিশ বলছে, এর আগে রাত আড়াইটার দিকে নুরুল আলম মসলা বাটার পাটার আঘাতে স্ত্রী নাসিমা বেগমকে (৩৬) হত্যা করে।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদে নুরুল আমিন দাবি করে, তার স্ত্রী নাসিমার সঙ্গে সঞ্জয় নামের এক ব্যক্তির সম্পর্ক ছিলো।
তানভীর বলেন, "কাল রাতে ২টার দিকে নুরুল আমিন রিকশা চালিয়ে ঘরে ফেরার সময় সঞ্জয়কে তার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে। এতে সে ক্ষিপ্ত হয়ে পাটা দিয়ে নাসিমার মাথায় আঘাত করে বলে পুলিশকে জানিয়েছে।"
নিহত নাসিমা এক মেয়ে ও এক ছেলের জননী।
এসি তানভীর জানান, হত্যার ঘটনাটি নাসিমার ছেলে দেখে ফেলে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা নুরুল আমিনকে আটক করে পুলিশকে জানায়।
নুরুল আমিন ও নিহত নাসিমা বাগেরহাট জেলার মোল্লারহাটের স্থায়ী বাসিন্দা।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এসইউ/১৩২৩ ঘ.
bdnews24