২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। তবে তিনি অক্ষত আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঝিনাইদহ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। তবে তিনি অক্ষত আছেন। মঙ্গলবার সন্ধ্যার আগে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের কাছে এ হামলা হয় বলে রুহুল আমিন বিশ্বাস জানান। ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রুহুল আমিন বিশ্বাস এক সময় বাংলাদেশের সর্বহারা পার্টির (এমএল- কামরুল গ্রুপ) নেতা ছিলেন।" এ ঘটনার তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে বলে তিনি জানান। এ ব্যাপারে চেয়ারম্যান রুহুল বিশ্বাস জানান, ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলের পেছনে বসে তিনি বাগুটিয়া গ্রামে ফিরছিলেন। নলডাঙ্গা পুলিশ ক্যাম্প এর কাছে একটি মন্দিরের পাশের এক বটতলা থেকে ৩/৪ জন লোক তাকে লক্ষ্য করে দুটি হাত বোমা নিক্ষেপ ও এক রাউন্ড গুলি বর্ষণ করে। তিনি বলেন, তবে দুটো বোমাই অবিস্ফোরিত থাকে এবং গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থাল থেকে অবিস্ফোরিত দু'টি বোমা এবং একটি গুলির খোসা উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২৪ ঘ.