গাইবান্ধা, ০৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে সংঘর্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১১ জন।
মঙ্গলবার সকালে তালুক ফলগাছা গ্রামে এ সংঘর্ষে নিহত তারা মিয়া (৩৫) ওই গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
আহতদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সুজন মিয়া (৩০) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, সকালে তারা মিয়া ও তার লোকজন একটি বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে শামছুল খন্দকার ও তার ভাই জাকারিয়া খন্দকার লোকজন নিয়ে তাদের বাধা দেন।
এতে দু'পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে তারা মিয়ার মৃত্যু হয়। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই নয়া মিয়া থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24