ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের নাম শান্তা বেগম (২০)। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায়। শান্তার স্বামী মোহাম্মদ স্বপন ঢাকায় রিকশা চালান।
তারা থাকতেন কামরাঙ্গীর চরের বড়গ্রাম কুলার ঘাট এলাকায় হাবু মিয়ার বাড়িতে।
লালবাগ থানার ওসি মো.আজিজুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে বেড়িবাঁধে শান্তাকে রক্তাক্ত অবস্থায় পায় স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লাশটি কামরাঙ্গীর চর থানা থেকে উদ্ধার করা হলেও লাশ উদ্ধারের স্থান বেড়িবাঁধ লালবাগ থানা এলাকার।
তাই শান্তার মৃতদেহ কামরাঙ্গীর চরে হাবু মিয়ায় বাড়ি থেকে উদ্ধার করে লালবাগ থানা পুলিশ।
ওসি জানান, নিহতের বাবা মোহাম্মদ খোকন বাদি হয়ে স্বপনের বিরুদ্ধে থানায় হত্যামামলা করেছেন।
ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৭২০ ঘ.
bdnews24