চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর হালিশহর আবসিক এলাকায় এক সাংবাদিকের বাড়ির মূল ফটক ভেঙে মটর সাইকেল নিয়ে গেছে চোর চক্র।
সোমবার রাতে আবাসিক এলাকার এ ব্লক, ১০ নম্বর লেইনের ২৫ নম্বর বাসায় এ চুরির ঘটনা ঘটে। একই রাতে পাশের একটি বাড়িতেও চুরি হয়।
চুরি হওয়া মটর সাইকেলের মালিক দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার রাশেদুল তুষার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের কোনো এক সময় চোরের দল ভবনের মূল ফটকটি ভাঙে। পরে তারা নিচ তলার (ভবনটি দুই তলা) গ্যারেজের তালা ভেঙে মটর সাইকেলটি নিয়ে যায়।
রাশেদুল জানান, চোর চক্রের সদস্যরা পাশের আবুল বাশারের বাড়ির নিচ তলায়ও তালা ভেঙে চুরি করে। ওই বাসার বাসিন্দারা কেউ ছিলেন না।
এ ঘটনায় হালিশহর থানায় একটি মামলা করেছেন সাংবাদিক তুষার।
ঘটনাস্থল পরিদর্শন করে হালিশহর থানার উপ-পরিদর্শক দোলন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মটর সাইকেল চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
পাশের ভবনের নিচ তলার চুরির ঘটনায় তেমন কিছু খোয়া যায়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৭০৭ ঘ.
bdnews24